কেইনের জোড়া গোলে ইংল্যান্ডের দাপুটে জয়
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪৯
হ্যারি কেইনের জোড়া গোলে চেকিয়াকে সহজেই হারিয়েছে ইংল্যান্ড। ৪-০ গোলের এই জয়ে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথও প্রায় নিশ্চিত করেছে দলটি।
ম্যাচটি ছিল কেইনের জন্য বিশেষ। ইংল্যান্ডের হয়ে ১২৫তম ম্যাচে মাঠে নেমে পিটার শিলটনের রেকর্ড স্পর্শ করেন তিনি। একই সঙ্গে জাতীয় দলের হয়ে গোলসংখ্যা নিয়ে যান ৯১-এ। ফলে ১০০ গোলের মাইলফলক এখন কেইনের আরও কাছে।
চেকিয়ার বিপক্ষে শুরু থেকেই আধিপত্য দেখায় ইংল্যান্ড। প্রথম গোলেও অবদান রাখেন কেইন। তার বাড়ানো বল সামলাতে গিয়ে আত্মঘাতী গোল করেন ভ্লাদিমির কুফাল।
পরে নিজের জোড়া গোল পূর্ণ করেন ইংলিশ অধিনায়ক। ৮২ মিনিটে মাঠ ছাড়ার সময় পান দর্শকদের করতালি। টমাস টুখেলের অধীনে শীর্ষ ২০-এর বাইরে থাকা দলগুলোর বিপক্ষে ১৬ ম্যাচে ইংল্যান্ডের এটি ১৫তম জয়।
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর নিজেদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যও ছিল ইংল্যান্ডের। চেকিয়ার বিপক্ষে দাপুটে জয় সেই পথে দলটিকে বেশ আত্মবিশ্বাস জোগায়।
এমএসি/আরএইচ