না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৬:২৮
বৃষ্টির দাপটে মাঠেই নামতে হলো না ভারত ও পাকিস্তানকে। কোয়ার্টার ফাইনালের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সরাসরি এশিয়ান গেমসের সেমিফাইনালের টিকিট পেয়েছে দুই ক্রিকেট পরাশক্তি।
জাপানের নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল হংকং, চীনের। তবে টানা বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
বিকেলে একই মাঠে ভারতের বিপক্ষে আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু মাঠ ভেজা থাকায় টসের আগেই ম্যাচটি বাতিল করা হয়।
কোয়ার্টার ফাইনালে উচ্চতর র্যাঙ্কিংয়ের দলকে সেমিফাইনালে যাওয়ার সুবিধা দেয়া হয়েছে। আইসিসি র্যাঙ্কিংয়ে ভারত এক নম্বরে এবং পাকিস্তান ষষ্ঠ স্থানে থাকায় ম্যাচ না খেলেই শেষ চারে জায়গা করে নেয় তারা। ফলে বিদায় নিতে হয়েছে আফগানিস্তান ও হংকং, চীনকে।
সেমিফাইনালে ভারত খেলবে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ীর বিপক্ষে। অন্যদিকে পাকিস্তানের প্রতিপক্ষ হবে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ম্যাচের জয়ী দল।
এমএসি/আরএইচ