ভারত নারী দলের নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানা
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪৬
ভারতের নারী ক্রিকেট দলের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হলো। হারমানপ্রিত কৌর অধিনায়কত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই স্মৃতি মান্ধানাকে সব সংস্করণে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে প্রায় এক দশকের নেতৃত্বের ইতি টানার সিদ্ধান্ত জানান ৩৭ বছর বয়সী হারমানপ্রিত। একই দিন রাতে ৩০ বছর বয়সী মান্ধানার হাতে দলের নেতৃত্ব তুলে দেয়ার ঘোষণা আসে।
হারমানপ্রিতের অধিনায়কত্বের বড় একটা অংশে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মান্ধানা। ভারপ্রাপ্ত দায়িত্বে নানা সময়ে ১৮ টি-টোয়েন্টি ও চারটি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতাও আছে স্টাইলিশ এই ব্যাটারের।
ব্যাট হাতেও বর্তমানে বিশ্বের অন্যতম সেরা হিসেবে বিবেচিত মান্ধানা। গত সেপ্টেম্বরে মিতালি রাজকে পেছনে ফেলে নারী আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। নারী ক্রিকেটে ১৮টি আন্তর্জাতিক সেঞ্চুরি নিয়ে এই তালিকাতেও শীর্ষে রয়েছেন তিনি।
নতুন অধিনায়ক হিসেবে মান্ধানার প্রথম দায়িত্ব হবে জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। আগামী ১৬ অক্টোবর রায়পুরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি।
এমএসি/আরএইচ