বিদায় লিও, আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪২
আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর শেষ হলো জাতীয় দলের হয়ে আর্জেন্টাইন মহাতারকার পথচলা।
ম্যাচ শেষে এস্তাদিও মনুমেন্তালে মেসিকে ঘিরে সতীর্থ, প্রতিপক্ষ ও সমর্থকদের আবেগঘন মুহূর্ত দেখা যায়। বেনিনের খেলোয়াড়রা তার সঙ্গে ছবি তুলতে ভিড় করেন, গ্যালারি থেকে ভেসে আসে মেসির নামে স্লোগান।
বিদায়ী ম্যাচে একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন মেসি। পেনাল্টি থেকে পাওয়া গোলটি ছিল তার নিজের, আর সতীর্থদের গোল করিয়েছেন দারুণ দুটি পাসে।
ম্যাচ শেষে ড্রোন শোতেও ছিল মেসিকে ঘিরে আয়োজন। প্রথমে বিজ্ঞাপনী বার্তা দেখে দর্শকদের অসন্তোষ দেখা গেলেও পরে আকাশে ফুটে ওঠে মেসির ১০ নম্বর জার্সির অবয়ব।
বেনিনের বিপক্ষে ৩-০ জয় হয়ত ইতিহাসে আলাদা করে জায়গা করে নেবে না। কিন্তু আর্জেন্টিনার হয়ে দুই দশকে মেসির তৈরি অসংখ্য স্মরণীয় মুহূর্তই হয়ে থাকবে তার উত্তরাধিকার। বিদায়, লিও।
এমএসি/আরএইচ