তানজিদ ও মুমিনুলকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১৫
মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা পুরোপুরি নিজেদের করে নিতে পারল না বাংলাদেশ। ফাঁদে পা দিয়ে আউট হয়েছেন তানজিদ হাসান। বড় ইনিংসের আশা জাগিয়ে ফিরেছেন মুমিনুল হক।
২৯ ওভারে ২ উইকেটে ৯৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেটশিকারী পেসার জেডেন সিলস ও স্পিনার জোমেল ওয়ারিকান।
৮০ বলে ৫ চারে ৪২ রানে ব্যাট করছেন ওপেনার সাদমান ইসলাম। নাজমুল হোসেন শান্ত ব্যাট করছেন ২০ বলে ১৫ রানে। দুজনের অবিচ্ছিন্ন দুটি ২৮ রানের।
১০ রানে তানজিদকে হারানোর পর সামদানের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন মুমিনুল। ৫১ বলে ২৮ রানে আউট হওয়ার আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই অভিজ্ঞ ব্যাটার।
থিতু হয়ে ফিরলেন মুমিনুল
উইকেটে থিতু হয়ে দেখিয়েছিলেন বড় ইনিংসের স্বপ্ন। কিন্তু এবারও ইনিংসটা বড় করতে পারলেন না মুমিনুল হক। তার বিদায়ে ভাঙল ফিফটি জুটি।
জোমেল ওয়ারিকানের মিডল ও অফ স্টাম্প বরাবর হাওয়ায় ভাসানো বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মিড অফের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়েছিলেন মুমিনুল। ঠিকমত টাইমিং হয়িন। বল চলে যায় সরাসরি মিড অফে দাঁড়ানো শামার জোসেফের হাতে।
২২তম ওভারে দলীয় ৬৮ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।
সবশেষ: ২৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৫ রান। ওপেনার সাদমান ইসলামের (৬৫ বলে ৩৬*) নতুন সঙ্গঅ নাজমুল হোসেন শান্ত (১৩ বলে ১০*)।
বাংলাদেশের নড়বড়ে শুরু
শুরু থেকে অফ স্টাম্পের বাইরে লাগাতার বল করে তানজিদ হাসানকে প্রলুব্ধ করছিলেন জেডেন সিলস। সেই ফাঁদেই আটকা পড়লেন তানজিদ। দলীয় সপ্তম ওভারে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েছেন বাঁহাতি ওপেনার। বাংলাদেশের শুরুটাও হয়ে গেছে নড়বড়ে।
মিরপুর টেস্টের প্রথম দিন প্রথম সেশনে ১০ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২৩ বলে ৭ রান করে ফিরলেন তানজিদ।
সবশেষ: ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৯ রান। ২৮ বলে ৮ রানে খেলছেন আরেক ওপেনার সাদমান ইসলাম। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুমিনুল হক ব্যাট করছেন ৯ বলে ২ রানে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস ভাগ্যে হাসল বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচের একাদশে নেই মুশফিকুর রহিম। আগের দিন নেটে ব্যাটিংয়ের সময় বলের আঘাত পান তিনি। তাঁর জায়গায় একাদশে তাওহিদ হৃদয়।
দলে আছেন তিন স্পিনার— তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ। পেসার হিসেবে আছেন হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে সিরিজের দুই ম্যাচেই জয়ের বিকল্প নেই। নিশ্চিতভাবেই কাজটা অনেক কঠিন। তবে সেই লক্ষ্যেই মাঠে নামছে টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতলে পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে পৌঁছে যাবে বাংলাদেশ। অন্যদিকে ফাইনালে উঠার কোন সুযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের। বর্তমানে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে আছে ক্যারিবীয়রা। এজন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এগিয়ে থেকেই সিরিজ খেলতে নামবে বাংলাদেশ।
চলতি বছর মাত্র একটি টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। নিজেদের প্রথম টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ের কাছে একমাত্র টেস্ট হারে টাইগাররা।
গত আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ও শেষ টেস্ট হেরে সিরিজ ১-১ সমতায় শেষ করে টাইগাররা। এরপর চলতি মাসে আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের সুযোগ হাতছাড়া করে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে থাকলেও, মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ১১ টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশ জিতেছে দুই সিরিজ। ২০০৯ ও ২০১৮ সালে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে টাইগাররা।
অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে আটটি টেস্ট সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। একটি সিরিজ ড্র হয়।
এছাড়া ২২ টেস্টে মুখোমুখি হয়ে বাংলাদেশ জিতেছে ৫টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জয় পায় ১৫টিতে। ২টি ম্যাচ ড্র হয়।
সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, তেজনারাইন চান্দারপল, কাভেম হজ, আমির জাঙ্গু, রস্টন চেইস, জাস্টিন গ্রেভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান, জেডেন সিলস
এমএসি/আরএইচ