অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, রাত ১০:৩০


দুই দিনের অধিকাংশ সময়ের খেলাই বৃষ্টির পেটে। প্রথম ইনিংসে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার একটা পর্যায়ে রান ৬ উইকেটে ১১০। এমন অবস্থায় কে ভেবেছিল দক্ষিণ আফ্রিকা জিতবে!


সেন্ট জর্জেস পার্কে প্রোটিয়ারা শুধু জিতেইনি, জয় ছিনিয়ে নিয়েছে ইনিংস ব্যবধানে। প্রথম ইনিংস ৯/৪২৫ রানে ঘোষণা করা দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে মাত্র ৯৯ রানে অলআউট করে ফলোঅন করায়। ট্রাভিস হেডের ১২১ রানের বীরত্বসূচক ইনিংস শেষেও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থামে ২৯৫ রানে। দক্ষিণ আফ্রিকা পেয়েছে ইনিংস ও ৩১ রানের জয়।


এর ফলে ৩ ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে সমতায় আসলো। প্রথম ম্যাচটি অস্ট্রেলিয়া জিতেছিল ২১৪ রানে। ক্যাপটাউনে তৃতীয় ম্যাচটি তাই অঘোষিত ফাইনাল।


দক্ষিণ আফ্রিকার হারের শঙ্কা-অবস্থা থেকে সব হিসাব বদলে দেন ‘ধীরস্থির’ টেম্বা বাভুমা। মার্কো ইয়ানসেন ও সাইমন হারমারও খেলেন ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। বাভুমার ১৭৯, ইয়ানসেনের ৮৫ ও সাইমন হারমারের ৮২ রানে ভর করেই প্রোটিয়ারা বিশাল সংগ্রহ পায়। বাকি কাজটা সারেন ইয়ানসেন, কাগিসো রাবাদা ও উইয়ান মুল্ডার। ইয়ানসেন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মাত্র ৩৩ রানের বিনিময়ে ৫, দ্বিতীয় ইনিংসে রাবাদা ৪ ও মুল্ডার ৩ উইকেট নেন।

বাজে আবহাওয়ার কারণে ম্যাচটি মূলত ড্রয়ের দিকেই এগোছিল। পঞ্চম দিনের শুরুতে দীর্ঘক্ষণ মাঠে বল গড়ায়নি। খেলা শুরু হওয়ার পর হেড ও নাইটওয়াচম্যান স্কট বোল্যান্ড দারুণ প্রতিরোধ দেখান। পাশার দান ঘুরে যায় ১৬ রানের ব্যবধানে সেঞ্চুরিয়ান হেড ও স্টিভ স্মিথ বিদায় নিলে।

স্মিথ করেন মাত্র ৩ রান করেন। দেড়শর বেশি বল মোকাবিলা করা বোল্যান্ড তুলেন ৪০। এরপর নামাদের কেউ তার রান টপকে যেতে পারেননি, ৩৭ করে কাছাকাছি গিয়েছিলেন আলেক্স ক্যারে। তিনি শেষ পর্যন্ত অপরাজিতই থাকেন।

১৭৯ রান ম্যাচসেরার পুরস্কার এনে দিয়েছে বাভুমাকে।

এমএসি/আরএইচ

Link copied