দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে প্রতিমন্ত্রীর ধারাবাহিক বৈঠক

রঞ্জন দেব, বিশেষ প্রতিবেদক

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, রাত ১২:০৪


দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, তাঁদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং দুই দেশের শ্রমবাজারে সহযোগিতা জোরদার করতে ধারাবাহিক বৈঠক ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি।

২১ ও ২২ অক্টোবর দক্ষিণ কোরিয়া সফরের অংশ হিসেবে তিনি দেশটির সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এসব বৈঠক করেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিউল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার মানবসম্পদ উন্নয়ন সংস্থা এইচআরডি কোরিয়ার (হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কোরিয়া) সভাপতি লি বিয়ং-হুনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রতিমন্ত্রী। বৈঠকে কর্মসংস্থান অনুমতি ব্যবস্থা (ইপিএস)-এর আওতায় সহযোগিতা জোরদার, নিয়োগপ্রক্রিয়া সহজ ও গতিশীল করা এবং অপেক্ষমাণ বাংলাদেশি কর্মীদের জন্য বরাদ্দ করা কোটা পূরণ করে তাঁদের সময়মতো দক্ষিণ কোরিয়ায় পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশি কর্মীদের দক্ষতা, নিষ্ঠা ও অবদানের প্রশংসা করা হয়। একই সঙ্গে সরকার-টু-সরকার (জি টু জি) নিয়োগব্যবস্থাকে আরও কার্যকর করা এবং স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।

প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়ার চংজু সিটি, উমসং কাউন্টি ও গাংহওয়া কাউন্টির মেয়রদের সঙ্গেও পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে বিদেশি মৌসুমি কর্মী কর্মসূচির আওতায় আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

স্থানীয় কৃষি খাতের শ্রমিকের চাহিদা পূরণে সমঝোতা স্মারক স্বাক্ষরকারী অঞ্চলের সংখ্যা বাড়ানো, বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। গাংহওয়া কাউন্টির কর্মকর্তারা বাংলাদেশি মৌসুমি কর্মী নিয়োগ সহজ করতে স্থানীয় কৃষি নিয়োগকর্তাদের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রতিশ্রুতি দেন।

সফরকালে প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় ব্যাটারি উপকরণ প্রস্তুতকারী প্রতিষ্ঠান চুনবো কোম্পানির কারখানা পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৩২ জন বাংলাদেশি কর্মী কাজ করছেন। সেখানে কর্মরত প্রায় ৩৫ জন বাংলাদেশি কর্মীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। এ সময় তাঁদের কর্মপরিবেশ, অধিকার সংরক্ষণ ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে খোঁজখবর নেন।

চুনবো কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করে ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া উমসংয়ে অবস্থিত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান অটোগি করপোরেশনের দেপুং প্ল্যান্ট পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার খাদ্য প্রস্তুত খাতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রতিমন্ত্রীর এ সফরের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের শ্রমবাজার ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হয়েছে। দেশটির সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত উদ্যোগের ফলে ভবিষ্যতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হতে পারে।

এমএসি/আরএইচ

Link copied