নারীশক্তি ও মানবতার বার্তা নিয়ে প্রকাশিত ‘মহাদুর্গা’
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, রাত ০১:২৬
দেবী দুর্গার মহিমা, নারীশক্তি, মানবতা ও ন্যায়বিচারের বার্তা নিয়ে প্রকাশিত হয়েছে বিশেষ অডিও-ভিজ্যুয়াল সংগীত প্রযোজনা ‘মহাদুর্গা’। শুক্রবার বিকেল ৩টায় গানজানালা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, নারীর মর্যাদা ও ক্ষমতায়নের বার্তাও তুলে ধরা হয়েছে এই প্রযোজনায়।
বাংলা শাস্ত্রীয়, লোকজ ও আধুনিক সংগীতের সমন্বয়ে নির্মিত ‘মহাদুর্গা’য় দেবী দুর্গার বিভিন্ন রূপ ও মহিমা তুলে ধরার পাশাপাশি ন্যায়, সাহস ও মানবিক মূল্যবোধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বয়ে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতাকে নতুনভাবে উপস্থাপন করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
গানটির কথা লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী। সুর করেছেন ভবসিন্ধু সরকার এবং সংগীত প্রযোজনায় রয়েছেন শামীম হাসান। ভিডিও পরিচালনা করেছেন অনিক কান্তি সরকার। চিত্রগ্রহণ করেছেন রফিকুল ইসলাম। সম্পাদনা ও রং-বিন্যাসের দায়িত্বে ছিলেন ফকরুল ইসলাম।
‘মহাদুর্গা’য় কণ্ঠ দিয়েছেন ভবসিন্ধু সরকার, দোলা অধিকারী, শুভ্র সরকার, মৌমিতা বিশ্বাস, এসডি সাগর, সিক্তা সাহা, সোহাগ চন্দ্র সাহা ও তন্বী সাহা। কোরাসে অংশ নিয়েছেন সঞ্চয় সরকার, সুস্মিতা মণ্ডল, স্বর্ণালী সরকার তৃষা, শ্রাবণী মৃধা, স্নিগ্ধ বিশ্বাস, অজয় চৌধুরী ও শিমুল সরকার।
গানটির কেন্দ্রীয় চরিত্রে শিশুশিল্পী আইরা অভিনয় করেছেন দেবী দুর্গার কুমারী রূপে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত শিশুশিল্পী প্রিয়মকে দেখা গেছে ভিন্নধর্মী একটি চরিত্রে। দৃশ্যায়নে সাধকের ভূমিকায় অভিনয় করেছেন পিয়ুষ দত্ত। পাশাপাশি দেখা গেছে গীতিকার সঞ্জীবন চক্রবর্তীকেও।
প্রকল্পটির প্রধান পৃষ্ঠপোষক সীমা চক্রবর্তী ও ভক্তি সরকার। প্রযোজনা সহযোগী হিসেবে রয়েছে রূপম জুয়েলার্স। বিশেষ সহযোগিতায় রয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। ঐতিহ্য সহযোগী হিসেবে যুক্ত রয়েছে ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির। জনসংযোগের দায়িত্ব পালন করছেন আপেল আকবর ও কুল এক্সপোজার।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, ‘মহাদুর্গা’ বাংলা সংস্কৃতি ও আধ্যাত্মিকতার ঐতিহ্য দেশ-বিদেশের দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি নারীর মর্যাদা, সমতা ও ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।
গানটি দেখা যাবে গানজানালা ইউটিউব চ্যানেলে: https://youtu.be/chxg4a13Qso
এমএসি/আরএইচ