হত্যা মামলায় জেলে অপু বিশ্বাসের নতুন সিনেমার নায়ক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৫:০৭
হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘শিকার’-এর নায়ক মুর্তজা পলাশ। নেপালে সিনেমাটির শুটিং শেষে দেশে ফেরার পর গত ২৮ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পলাশ। নেপালে ২৫ দিনের বেশি সময় ধরে ‘শিকার’ সিনেমার শুটিং করার কথা থাকলেও পাহাড়ি এলাকায় বন্যার কারণে নির্ধারিত সময়ের আগেই পুরো ইউনিট দেশে ফিরে আসে। বিমানবন্দরে পৌঁছানোর পরই তাকে গ্রেপ্তার করা হয়।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার ঘটনা ও অন্য আসামিদের সম্পৃক্ততা নিয়ে পলাশের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পলাশ গ্রেপ্তার হওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে ‘শিকার’ সিনেমার বাকি কাজ। পরিচালক কামরুজ্জামান রোমান জানান, নেপালে টানা শুটিংয়ে সিনেমাটির সিংহভাগ কাজ শেষ হয়েছে। আগামী অক্টোবরে কয়েকটি দৃশ্য ও গানের শুটিং করার কথা ছিল। তবে নায়ক কারাগারে থাকায় নতুন করে শুটিংয়ের সময়সূচি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।
পরিচালক বলেন, পলাশ নিজের আইনি লড়াই নিজেই চালাচ্ছেন। প্রযোজনা প্রতিষ্ঠানও আশা করছে, তিনি দ্রুত মুক্ত হয়ে শুটিংয়ে ফিরবেন। তা না হলে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সীমান্তবর্তী অঞ্চলের প্রেক্ষাপটে নির্মিত থ্রিলারধর্মী ‘শিকার’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে পলাশের বিপরীতে অভিনয় করছেন অপু বিশ্বাস।
আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য। রেজা ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।
এমএসি/আরএইচ