শিগগিরই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর: হুইপ অপু
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৮:২৭
খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গোসাইরহাট পৌরসভার জমাদ্দার বাড়ির সেতু থেকে সবুজ ছাতা পর্যন্ত খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ময়লা অপসারণ কর্মসূচি এবং ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হুইপ অপু বলেন, ‘শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ পূর্ণ উদ্যমে এগিয়ে চলছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের জন্য জমি নির্ধারণ, আর্থিক বিষয় চূড়ান্তকরণসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘বিএনপি শুধু প্রতিশ্রুতি দেওয়ায় নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে। সরকার গঠনের পর অল্প সময়ের মধ্যেই নির্বাচনি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।’
সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে হুইপ বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ২০ কোটি বৃক্ষরোপণ, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতাসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নের পথে রয়েছে।’
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে হুইপ অপু বলেন, সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোসাইরহাটে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।’
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া এবং অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকরা জাতীয় বিবেক ও সমাজের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কোনো অনিয়ম বা ভুয়া প্রতিষ্ঠানের সন্ধান পেলে তা প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি। অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে বলেও জানান হুইপ।
পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা ও মাছের উৎপাদন বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। জলাশয় সংরক্ষণ ও পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় স্থানীয় জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
পরে গোসাইরহাট উপজেলা অডিটোরিয়ামে গ্রাম পুলিশের মাঝে পোশাক ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
এ সময় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি, গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত, সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসি/আরএইচ