গোপালগঞ্জে নাশকতার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, রাত ১২:৪৯
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরছে, যাতে কোনো নিরীহ মানুষ গুলিতে নিহত না হন। তবে আত্মরক্ষার প্রয়োজনে প্রয়োজনীয় বল প্রয়োগ করা হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের সভায় কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তবে আত্মরক্ষার প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতিরিক্ত বল প্রয়োগ করা হবে না। সরকার এখন পর্যন্ত ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে।
টুঙ্গিপাড়া থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান সম্পর্কে তিনি জানান, সেখানে ২০০ সদস্য রয়েছেন। তাদের মধ্যে দুজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার ও একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া চার থেকে পাঁচ কিলোমিটার দূরে এসআরবি, বিজিবি ও পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছেন।
এমএসি/আরএইচ