টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ, অস্ত্র লুট
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, রাত ১২:২৪
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ছাড়িয়ে নিতে থানায় হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় থানার লকার ভেঙে আসামিদের ছিনিয়ে নেয়া এবং পুলিশের অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায় এ ঘটনার সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে টুঙ্গিপাড়া থানা-পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। পরে তাদের ছাড়িয়ে নিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা থানায় গেলে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে স্থানীয় মসজিদে মাইকিং করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের জড়ো করা হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে তারা থানায় হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় থানায় আগুন দেওয়ার পাশাপাশি পুলিশ কম্পাউন্ডে থাকা গাড়ি, মোটরসাইকেল ও পুলিশ সদস্যদের আবাসিক ভবনেও অগ্নিসংযোগ করা হয়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা থানার লকার ভেঙে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেন এবং পুলিশের অস্ত্র লুট করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। তবে পরিস্থিতি সামাল দিতে না পেরে একপর্যায়ে পুলিশ সদস্যরা থানা ছেড়ে সরে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় পুলিশ সদস্য ও হামলাকারীদের কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজন টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
এদিকে, গোপালগঞ্জ থেকে রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়ার উদ্দেশে যাওয়ার পথে নিলফা বাজার এলাকায় বাধার মুখে পড়ে। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বলে জানা গেছে। এ সময় আনসার ব্যাটালিয়নের গাড়িসহ অন্তত ছয়টি যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
অন্যদিকে, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেয়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সড়কের বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে বাধার মুখে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতা চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং হতাহত, লুট হওয়া অস্ত্র ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এমএসি/আরএইচ