গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এ সময় থানার লকার ভেঙে আসামিদের ছিনিয়ে নেয়া, পুলিশের অস্ত্র লুট এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা-পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। এর জেরে ছাত্রলীগের নেতা-কর্মীরা থানায় গিয়ে গ্রেপ্তারকৃতদের ছাড়িয়ে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বাগ্বিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় টুঙ্গিপাড়া মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হয়ে থানায় হামলা ও ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও বাসভবনেও অগ্নিসংযোগ করা হয়। পরে হামলাকারীরা থানার লকার ভেঙে গ্রেপ্তারকৃত আসামিদের ছিনিয়ে নেয় এবং পুলিশের অস্ত্র লুট করে বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে পুলিশসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী আহত হয়ে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এদিকে, খবর পেয়ে গোপালগঞ্জ জেলা সদর থেকে পুলিশের রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দিলে পথিমধ্যে নিলফা বাজার এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেখানে আনসার ব্যাটালিয়নের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানীর বাড়িতেও আগুন দেয়ার খবর পাওয়া গেছে।