বুদাপেস্টে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে ২০২৬’

রাজনীতি ডেস্ক

বুধবার, ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৯


হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ডে ২০২৬’। গত ৮ নভেম্বর আয়োজিত এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সাংস্কৃতিক বন্ধন ও সহযোগিতা আরও জোরদার করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তৌফিক হাসান। এ ছাড়া হাঙ্গেরিতে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল ড. পাটাকিও অনুষ্ঠানে অংশ নেন।

হাঙ্গেরিতে এবারই প্রথম বাংলাদেশি কমিউনিটির মিলনমেলা ও কনস্যুলার সেবা একই আয়োজনে অনুষ্ঠিত হয়। নাজমুল হাসান ও নোমান বাবুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা নতুন শিক্ষার্থী, পেশাজীবী এবং দীর্ঘদিন ধরে হাঙ্গেরিতে বসবাসরত প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

 

অনুষ্ঠানটি সফল করতে মোহাম্মদ ফখরুল ইসলাম, এএইচ সোহেল, দেলোয়ার হোসেন, নাজমুল হাসান, এএইচএম সাজেদুল হক, মোহাম্মদ নোমান বাবু, রাশেদ ইবনে নওয়াব, প্রতুষী মিথিলা, নাজমুস সাকিব অর্ক, জুবায়ের মুন্না, উসামুর রহমান ইসাম ও সাজিদ আল সামিকে নিয়ে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। তাঁদের সম্মিলিত পরিকল্পনা, পরিশ্রম ও সমন্বিত প্রচেষ্টায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হাঙ্গেরিতে বসবাসরত এবং পেশাগত ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বাংলাদেশিদের সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থী ও পেশাজীবীদের পরিচিতি এবং যোগাযোগের সুযোগ তৈরি করা। এ বিষয়টি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন দেলোয়ার হোসেন। পাশাপাশি অনুষ্ঠানের আয়োজক কমিটি ও নির্বাচনি প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেন রাশেদ ইবনে নওয়াব। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ভিত্তিক বাংলাদেশি কমিউনিটির ক্যাম্পাস অ্যাম্বাসাডরদের সঙ্গেও অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

কমিউনিটির জ্যেষ্ঠ সদস্যদের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে প্রাণবন্ত বক্তব্য দেন চিকিৎসক মুজহারুল মান্নান। এ ছাড়া হাঙ্গেরীয় মুসলিম কমিউনিটির প্রতিনিধিরাও এতে অংশ নেন। তারা হাঙ্গেরিতে মুসলিমদের জীবনযাপন ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন।

নতুন শিক্ষার্থী ও প্রবাসীদের জন্য হাঙ্গেরির অভিবাসনসংক্রান্ত নিয়মকানুন সম্পর্কে ধারণা দিতে অনুষ্ঠানে বিশেষ তথ্যভিত্তিক সেশনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা দেশটির ইমিগ্রেশন নীতিমালা ও প্রয়োজনীয় নিয়মাবলি সম্পর্কে জানার সুযোগ পান।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল নানা আয়োজন। ব্যান্ড সংগীত, আঞ্চলিক গান, লালনগীতি ও আধুনিক গানসহ বাংলাদেশের জনপ্রিয় বিভিন্ন ধারার সংগীত পরিবেশন করেন শিল্পীরা। তাদের বৈচিত্র্যময় পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন এএইচ সোহেল। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ ফখরুল ইসলাম। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এ সময় তিনি রাষ্ট্রদূত, অনারারি কনসাল, আমন্ত্রিত অতিথি, কনস্যুলার টিম, কার্যকরী কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক, শিল্পী এবং অনুষ্ঠানে অংশ নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

আয়োজকদের মতে, ‘বাংলাদেশ ডে ২০২৬’ শুধু প্রবাসীদের মিলনমেলা নয়; বরং হাঙ্গেরিতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন প্রজন্মের মধ্যে যোগাযোগ বাড়ানো, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং দেশটির স্থানীয় সমাজের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার একটি সম্মিলিত উদ্যোগ। পুরো অনুষ্ঠানজুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

এমএসি/আরএইচ

Link copied