যে কারণে পদত্যাগ করলেন ওসমান ফারুক

রাজনীতি প্রতিবেদক

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, রাত ১২:১৫


কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

স্পিকার জানান, ওসমান ফারুকের পদত্যাগপত্র তিনি ১৫ নভেম্বর পেয়েছেন। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তিনি তা গ্রহণ করেছেন। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, ১৫ নভেম্বর পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।

শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন বলেপদত্যাগপত্রেউল্লেখ করা হয়েছে।

তবে পদত্যাগের পেছনে অন্য কারণও থাকতে পারে বলে জানা যাচ্ছে। বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণেও তিনি পদত্যাগ করে থাকতে পারেন।

চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দিতে পারেননি। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন তিনি।

সংসদ সদস্য ওসমান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসার জন্য চার মাস ধরে তিনি দেশের বাইরে রয়েছেন।

ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে চারদলীয় ঐক্যজোট সরকারের আমলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ সংসদ গঠনের পর অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন তিনি।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ওসমান ফারুক নিজেও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি; তাঁর অবস্থান জানা গেছে পদত্যাগপত্র ও সংসদ সচিবালয়ের মাধ্যমে।

এদিকে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ গেজেট জারি করা হয়। উপনির্বাচনের তারিখ এখনো ঘোষণা হয়নি।

ওসমান ফারুক পেশায় কৃষি অর্থনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন।

এমএসি/আরএইচ

Link copied