কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার পুলিশের হেফাজতে
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, বিকাল ০৭:১৫
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের ম্যানেজার সুমন ইসলামকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে রিসোর্টের মালিক নিয়াজ মোরশেদ ও তানভীর ঘটনার পর থেকে লাপাত্তা রয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রিসোর্টের মালিকদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির নিরাপত্তা-ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা সরঞ্জাম এবং দুর্ঘটনার কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘সুমনকে থানায় নেওয়া হচ্ছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’
উল্লেখ্য, সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার তৎপরতা শুরু করেন। এ ঘটনায় অন্তত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
এমএসি/আরএইচ