ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, বিকাল ০৭:২৩


সৌদি আরবে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছিল সংস্থাটি। তবে সর্বশেষ বিজ্ঞপ্তিতে রিয়াদ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। তবে এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি পাওয়া সাপেক্ষে ফ্লাইট পরিচালনা করা হবে।

এদিকে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে যাত্রীরা এসব বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজের চলাচল রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত অব্যাহত থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। পাশাপাশি যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইটও পরিচালনা করা হচ্ছে।

ফ্লাইটের সর্বশেষ সময়সূচি, টিকিট ও বুকিংসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এমএসি/আরএইচ

Link copied