কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:৪১


সালিশে যাওয়ার সময় কুমিল্লায় যুবদল নেতা মো. আবু কাউসারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ছত্রখিল এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

নিহত মো. আবু কাউছার কুমিল্লা শহরের কাপ্তানবাজার এলাকার আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু কাউসারের বন্ধু শামীমের একটি জমি নিয়ে স্থানীয় তৌহিদ ও তানজিলের সঙ্গে বিরোধ চলে আসছিল। এই নিয়ে আজ সালিশ বৈঠকের ডাক দেন উভয়পক্ষ। সালিশের জন্য ঘটনাস্থল ছত্রখিল এলাকায় যান আবু কাউসার। এ সময় তৌহিদ ও তানজিলসহ কয়েকজন এসে অতর্কিত হামলা করে। এ সময় তারা যে অটোরিক্সায় গিয়েছিল সেই অটোরিক্সার চালক ও কাউসারকে এলোপাথাড়ি কোপায়। এতে ঘটনা স্থলেই মাটিতে লুটিয়ে পড়েন কাউসার। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লা মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খলিলুর রহমান বিপ্লব জানান, তৌহিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় দীর্ঘদিন জেলে ছিল। তারা স্থানীয়ভাবে জমির দালালি করে। কেউ জমি বিক্রি করতে গেলে তারা চাঁদাবাজি করে। আজকের ঘটনাটিতে আমরা একজন যুবদল নেতাকে হারালাম না শুধু, আমরা একটি নেতৃত্ব হারিয়েছি।

কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্ষ্য বলেন, ঘটনাটি মর্মান্তিক। ঝামেলা থাকবে, এটার সমাধান হবে। তাই বলে একটা মানুষকে মার্ডার করা খুবই দুঃখজনক। আমরা এর সঠিক তদন্ত ও বিচার চাই।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, এই ঘটনার খবর পেয়েছি। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ কি কারণে কারা ঘটনাটি ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমাদের একাধিক টিম কাজ করছে মাঠে। বিস্তারিত পরে জানানো হবে।

এমএসি/আরএইচ

Link copied