আবারও বিয়ে করলেন অভিনেত্রী চমক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, রাত ১২:২৯
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই দারুণ সক্রিয়। মাঝেমধ্যেই নানা চমকপ্রদ পোস্ট দিয়ে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেন তিনি। তবে এবার তিনি যা করলেন, তাতে রীতিমতো নড়েচড়ে বসেছেন তার অনুরাগীরা। ফেসবুকে ছবি প্রকাশ করে তিনি ক্যাপশন দিয়েছেন— ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক’
স্বাভাবিকভাবেই এমন ক্যাপশন দেখে নেটপাড়ায় হইচই পড়ে গেছে। তবে পুরো ঘটনার আসল মোড় লুকিয়ে আছে ছবির ভেতরে। ছবিগুলোতে চমকের সঙ্গে অন্য কেউ নন, দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় হ্যান্ডসাম হাঙ্ক আরিফিন শুভকে!
এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে রহস্য জিইয়ে রেখে রূপালী বাংলাদেশকে চমক বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’ এ ব্যাপারে নায়িকার সাড়া পাওয়া গেলেও মুখে কুলুপ এঁটেছেন নায়ক!
চমকের এই পোস্টের পর নেটদুনিয়ায় যেমন হাসির রোল উঠেছে, ঠিক তেমনই তৈরি হয়েছে এক রহস্যময় ধোঁয়াশা। তবে কি সত্যিই এটা কোনো নাটক বা সিনেমার শুটিংয়ের দৃশ্য? নাকি ঢাকাই সিনেমার এই ড্যাশিং হিরোর সঙ্গে বাস্তবেও নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত দিচ্ছেন ছোট পর্দার এই লাস্যময়ী অভিনেত্রী? এই মধুর রহস্যের জট খুলতে এবং আসল সত্যিটা জানতে ভক্তদের আরও কিছুদিন অধীর আগ্রহে অপেক্ষা করতেই হচ্ছে।
এমএসি/আরএইচ