৮ বছরের অপেক্ষার অবসান সাব্বিরের

ক্রীড়া ডেস্ক

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ০১:০৯


দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান ঘটালেন সাব্বির রহমান। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৮ সালে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু তিন অঙ্কের দেখা পাননি জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান। অবশেষে সেই অপেক্ষা ফুরাল মিরপুরে। খুলনা বিভাগের বিপক্ষে রাজশাহী বিভাগের হয়ে দ্বিতীয় ইনিংসে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন সাব্বির।

২০১৮ সালের ২৮ জুন চট্টগ্রামে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টে ১৬৫ রান করেছিলেন সাব্বির। প্রথম শ্রেণির ক্রিকেটে সেটিই ছিল তার সর্বশেষ সেঞ্চুরি। আট বছর পর আবারও এই সংস্করণে সেঞ্চুরির দেখা পেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৪ ম্যাচ খেলে এটি সাব্বিরের পঞ্চম শতক।

 শুধু ব্যক্তিগত মাইলফলকই নয়, সাব্বিরের ব্যাটে ভর করেই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে রাজশাহী বিভাগ। প্রথম ইনিংসে মাত্র ১১৯ রানে অলআউট হয়ে বড় চাপে পড়েছিল দলটি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়ে ম্যাচ বাঁচাতে সক্ষম হয়েছে তারা। ৯ উইকেটে ৫০০ রান তোলার পর দুই দল ড্র মেনে নেয়।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাব্বিরের জন্য এই সেঞ্চুরি নিঃসন্দেহে বিশেষ এক অর্জন। প্রথম শ্রেণির ক্রিকেটে আট বছর পর তিন অঙ্কের দেখা পাওয়ার পাশাপাশি তার ইনিংস রাজশাহীকে বড় পরাজয়ের শঙ্কা থেকে রক্ষা করেছে।

 এদিকে জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় রাউন্ডে ফল এসেছে শুধু বরিশাল ও চট্টগ্রামের ম্যাচে। আশরাফুল হাসানের চমৎকার অফ স্পিনে বরিশালকে ইনিংস ও ১ রানে হারিয়েছে চট্টগ্রাম। আশরাফুল পেয়েছেন ৫ উইকেট। বরিশালের ব্যাটিং লাইনআপকে কঠিন পরীক্ষায় ফেলে ৭৭ রানে ৫ উইকেট নেন আশরাফুল। ১১ ম্যাচের ক্যারিয়ারে এটি তার তৃতীয় ৫ উইকেট।
 
সিলেটে একাডেমি ড্র হয়েছে ময়মনসিংহ ও রংপুরের ম্যাচ। শেষ দিনে ৮.২ ওভারে ৫০ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয় রংপুর। ময়মনসিংহের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭৩ রানের। মাহফিজুলের ৬ চার ও ২ ছক্কায় ৬৮ রানের ইনিংসে ময়মনসিংহ ম্যাচটা ড্রয়ের পথে এগিয়ে নেয়। 
 
সিলেটের মূল স্টেডিয়ামে চতুর্থ দিনও দুইটি সেঞ্চুরি এসেছে। সিলেটের আশরাফুল হাসান ও ঢাকার আশিকুর রহমান সেঞ্চুরি পেয়েছেন। সব মিলিয়ে এই মাঠে চারদিনে সেঞ্চুরি  হয়েছে পাঁচটি।  ম্যাচটাও প্রত্যাশিতভাবে ড্র হয়েছে।  প্রথম ইনিংসে ১৭৫ রান করে ম্যাচ সেরা হয়েছেন মার্শাল আইয়ুব।

এমএসি/আরএইচ

Link copied