দ্বিতীয়বার মা-বাবা হচ্ছেন কিয়ারা
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, বিকাল ০৭:৪৭
বলিউড তারকা কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ ছবি প্রকাশ করে নিজেরাই সুখবরটি জানিয়েছেন এই তারকা দম্পতি। ছবিতে তাদের মেয়ে সারায়াহর ছোট্ট হাতও দেখা গেছে।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে কিয়ারা, সিদ্ধার্থ ও সারায়াহর হাতে ছিল সদ্য বোনা একজোড়া শিশুর জুতা। ক্যাপশনে কিয়ারা লিখেছেন, আবারও জীবনের সবচেয়ে বড় উপহারে আশীর্বাদপুষ্ট। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।
গত বছর মেয়ের আগমনের খবরও প্রায় একই ধরনের ছবির মাধ্যমে জানিয়েছিলেন কিয়ারা ও সিদ্ধার্থ। এবারও সেই স্মৃতির সাথে মিল রেখে দ্বিতীয় সন্তানের সুখবর প্রকাশ করলেন তারা।
কিয়ারা ও সিদ্ধার্থের মেয়ে সারায়াহর জন্ম ২০২৫ সালের নভেম্বরে। মা হওয়ার পর খুব বেশি সময় বিরতি না দিয়ে অভিনয়ে ফিরেছেন কিয়ারা। চলতি বছর যশের সাথে টক্সিক সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
মাতৃত্ব তার জীবনকে কীভাবে বদলে দিয়েছে, তা একাধিকবার জানিয়েছেন কিয়ারা। রাজ শামানির পডকাস্টে তিনি বলেছিলেন, মা হওয়ার আগে ও পরে নিজেকে তার সম্পূর্ণ ভিন্ন মানুষ মনে হয়। অভিনয়ে ফেরার প্রসঙ্গে অন্য এক আলাপচারিতায় মাতৃত্ব তাকে আরও বাঘিনীর মতো করে তুলেছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।
টক্সিক’র শুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা অবস্থায় কিয়ারার কাজের অভিজ্ঞতাও স্মরণ করেছেন তার সহশিল্পী হুমা কুরেশি। এক সাম্প্রতিক অনুষ্ঠানে হুমা জানান, একটি দৃশ্যে প্রচণ্ড বৃষ্টির মধ্যে কাজ করতে হয়েছিল তাদের। সে সময় কিয়ারা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তবু দৃশ্যটি করার সময় তাকে অত্যন্ত দৃঢ় মনে হয়েছিল বলে জানান হুমা।
কিয়ারা ও সিদ্ধার্থের পরিচয় ২০২১ সালের শেরশাহ সিনেমার সেটে। ছবিতে সিদ্ধার্থ অভিনয় করেছিলেন পরমবীর চক্রজয়ী ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে। কিয়ারা ছিলেন তার প্রেমিকা ডিম্পল চিমার ভূমিকায়।
ছবিটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তির পর সমালোচকদের প্রশংসা পায়। কাজ করতে গিয়ে কিয়ারা ও সিদ্ধার্থের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে জানা যায়।
তাদের সম্পর্ক নিয়ে ২০২০ সাল থেকেই গুঞ্জন ছিল। তবে দুজনের কেউই তখন প্রকাশ্যে বিষয়টি নিয়ে কথা বলেননি। ২০২২ সালে কফি উইথ করণ অনুষ্ঠানে নির্মাতা করণ জোহর কিয়ারাকে সিদ্ধার্থের প্রেমিকা হিসেবে উল্লেখ করলে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়।
এরপর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরে ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। তারকা দম্পতির বিয়ে নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। বিয়ের ছবি প্রকাশের পর তা ভারতের ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি পছন্দ পাওয়া পোস্টগুলোর একটি হয়ে ওঠে।
এবার দ্বিতীয় সন্তানের সুখবর দিয়ে সেই পরিবারে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিলেন কিয়ারা ও সিদ্ধার্থ।
এমএসি/আরএইচ