চবির ২৫ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, বিকাল ০৭:১১
প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১ এর জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৫ জন কৃতি শিক্ষার্থী।
সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য সারাদেশ থেকে মোট ৪৬৯ শিক্ষার্থী মনোনীত হয়েছেন।
ইউজিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৯ সালের জন্য চবির ৯ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তারা হলেন আরবি বিভাগের জোহাইর ফুরকান, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ নূর আলী, ফাইন্যান্স বিভাগের তাসফিকা খানম, অর্থনীতি বিভাগের জান্নাতুল ফেরদৌস, আইন বিভাগের উম্মে হাবিবা, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের তাহসিন শামস সাদিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ নেওয়াজ জামিল, ওশানোগ্রাফি বিভাগের রাইয়ান আহমেদ এবং মেডিকেল কলেজের (এমবিবিএস) আফসানা আক্তার।
২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন ৮ জন শিক্ষার্থী। তারা হলেন আরবি বিভাগের মোহাম্মদ আবদুল হালিম, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের ইতামনি চাকমা, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শাহরিন আক্তার, অর্থনীতি বিভাগের দিদারুল ইসলাম, ফার্মেসি বিভাগের মোহাইমিনুল্লাহ সরকার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইরোজ আবিদা, ফিশারিজ বিভাগের মিতু রঞ্জন সরকার এবং এমবিবিএসের ইসরাত পারভীন।
এছাড়া, ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন ৮ জন। তারা হলেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের আশরাফুন নেসা, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহমিদুল ইসলাম আকিব, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের নুসরাত জাহান, অর্থনীতি বিভাগের মিন্টু বড়ুয়া, আইন বিভাগের তনিকা ইসলাম, প্রাণীবিদ্যা বিভাগের ফাহমিদা রহমান, সমুদ্রবিজ্ঞান বিভাগের মো. মেহেদী হাসান এবং এমবিবিএসের মো. আদিবুল হক নাফিস।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দিয়ে আসছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়ে স্নাতক-স্নাতকোত্তর পর্যায়ে অনুষদভিত্তিক বিভাগে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এ পদক দেয়া হয়।
এমএসি/আরএইচ