এই সরকার গুমের তদন্ত চায় না: নাহিদ ইসলাম
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৮:৪৪
বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপি আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি একসময় গুমের ঘটনায় বারবার আন্তর্জাতিক তদন্ত দাবি করলেও এখন দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়েও তদন্ত করতে দিচ্ছে না। একই সঙ্গে সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে দুর্বল করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘গণতান্ত্রিক মৌলিক অধিকারের জন্য যে আন্দোলন করেছিলাম, তা এখনো প্রতিষ্ঠিত হয়নি। সরকার মিরাজ শেখের গুমের কথা স্বীকার করে না। মানুষের মুখ থামিয়ে দেওয়া হচ্ছে। দমন-পীড়ন শুরু হয়েছে।’
অবিলম্বে গুমের ঘটনাগুলোর সঠিক তদন্ত নিশ্চিত, মানবাধিকার কমিশনকে কার্যকর এবং সাইবার আইন যথাযথভাবে প্রণয়নের দাবি জানান এনসিপির আহ্বায়ক।
দুর্নীতির প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির ঘটনাগুলো নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করতে দেওয়া উচিত। বর্তমান সরকার দুদককে দুর্বল করে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। নতুন স্বৈরাচার তৈরি হচ্ছে। দেশের জনগণ তা হতে দেবে না।’
এমএসি/আরএইচ