ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, দুপুর ০১:১৪


ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নবরাত্রি উপলক্ষে মন্দিরে জড়ো হওয়া ভক্তদের ওপর নিয়ন্ত্রণহীন একটি ধানবোঝাই ট্রাক উঠে গেলে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট ভেঙে ট্রাকটি শীতলা মাতা মন্দিরের মূল ফটক ও সীমানাপ্রাচীরেও ধাক্কা দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার গভীর রাতে গোয়ালিয়রের শীতলা মাতা মন্দিরের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নবরাত্রি উপলক্ষে ওই এলাকায় বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়েছিল। এ সময় একটি ভারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা লোকজনকে চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।

গোয়ালিয়রের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ধর্মবীর সিং জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ছিনোরের দিক থেকে ধানবোঝাই ট্রাকটি আসছিল। নির্ধারিত ঢাল বেয়ে নিচে নামার সময় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ট্রাকটি সামনে থাকা পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট ভেঙে সড়কে জড়ো হওয়া ভক্তদের ওপর উঠে যায়। একপর্যায়ে সেটি মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নবরাত্রি উপলক্ষে শীতলা মাতা মন্দির এলাকায় ভক্তদের উপস্থিতি ছিল বেশি। রাতের ওই সময়ে মন্দিরের আশপাশে জড়ো হওয়া মানুষের ওপর হঠাৎ ট্রাক উঠে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাকটি কীভাবে পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট অতিক্রম করল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে হতাহতদের উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও দ্রুত সেখানে পৌঁছান। পরে অ্যাম্বুলেন্সের সাহায্যে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

গোয়ালিয়রের কালেক্টর রুচিকা চৌহান জানান, দুর্ঘটনার পর আহত ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা তুলনামূলক কম আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনায় দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। ট্রাকটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারী যানটি ওই সড়কে প্রবেশ করল কীভাবে এবং ব্যারিকেড ভেঙে মন্দির এলাকায় পৌঁছানোর পেছনে কোনো গাফিলতি ছিল কি না-এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

এমএসি/আরএইচ

Link copied