অভিজীৎ দিপকে আটক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, রাত ১০:৩০
জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচির আগেই দিল্লির কনট প্লেস থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) পদযাত্রায় যোগ দিতে যাওয়ার পথেই তাকে আটক করা হয়। খবর হিন্দুস্তান টাইমসের।
এর আগে জননিরাপত্তা, যানবাহন চলাচল এবং নাগরিক ও ব্যবসায়ীদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে কনট প্লেস এলাকায় যেকোনো ধরনের বিক্ষোভ, মিছিল বা র্যালি আয়োজনে নিষেধ করে দিল্লি পুলিশ।
শুক্রবার দীপকে-কে দেয়া এক নোটিশে দিল্লি পুলিশ জানায়, ‘কনট প্লেস কোনো অনুমোদিত বিক্ষোভের স্থান নয়। প্রয়োজনীয় অনুমতি গ্রহণ ও মঞ্জুর হওয়া সাপেক্ষে নির্ধারিত স্থানগুলোতেই বিক্ষোভের আয়োজন করা যেতে পারে।’ এতে আরও বলা হয়, এ ধরনের ‘বেআইনি সমাবেশ’ আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে এবং অন্যান্য নাগরিকদের অধিকার ক্ষুণ্ন করে।
পুলিশ দীপকে-কে আরও জানায়, বর্তমানে ওই এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে এক নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এর যেকোনো ধরনের লঙ্ঘনের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস), ২০২৩-এর ২২৩ ধারা ও অন্যান্য প্রযোজ্য আইনের অধীনে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
দুইদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচির ঘোষণা দিয়ে ১৬ অক্টোবর স্থানীয় সময় বিকেল ৫টায় আন্দোলনকারীদের কনট প্লেসে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিলেন দীপকে।
এদিকে সিজেপির পক্ষ থেকে পুলিশ এবং দীপকের মধ্যে কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক পুলিশ কর্তা দীপকে-কে বলেন, তিনি যেন বিকেলে পতাকা উত্তোলন কর্মসূচির জন্য বের না হন। জবাবে দীপকে পুলিশকে বলেন, ‘আমরা কোনো লাউডস্পিকার রাখিনি। আমরা একে বিক্ষোভ সমাবেশও বলছি না। আমরা শুধু যাব। জাতীয় পতাকা উড়াব। চলে আসব। জাতীয় পতাকা ওড়ানো কি বেআইনি?’
এ সময় তাকে দেয়া পুলিশের কিছু কাগজপত্র দেখে দীপকে বলছেন, ‘এসব কী ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে?’
সেই কাগজে অভিযোগ করা হয়েছে, দিপকে সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে জনগণকে প্ররোচিত করছেন। এভাবে প্ররোচনা করা বেআইনি। দীপকে ওই পুলিশ কর্তাকে বলেন, ‘এ কেমন ধরনের তামাশা? এটা কি নোটিশ? নোটিশ কি এমন হয়? সাদা কাগজে যা খুশি লিখে দেয়া কি নোটিশ?’
দিপকে আরও বলেন, ‘তামাশারও সীমা থাকা উচিত। একটাও ভিডিও কি দেখাতে পারবেন যেখানে লোকজনকে আমি হিংসাত্মক হতে প্ররোচিত করছি? চাইলে আমাকে ফাঁসিতে লটকে দিন।’ দীপকে ওই পুলিশ কর্তাকে বলেন, প্ররোচনামূলক একটাও ভিডিও দেখাতে পারবেন না।
এমএসি/আরএইচ