আগারগাঁওয়েই যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, রাত ০৯:২৭
রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরিত হচ্ছে বাংলাদেশ সচিবালয়। আজ রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ৩১ একর জমির ওপর নির্মিত হবে নতুন সচিবালয়। এই পুরো প্রকল্পটি বাংলাদেশ সরকারের নিজেদের অর্থায়নে বাস্তবায়ন করা হবে। নতুন এই সচিবালয়ে ২০২৯ সালে অফিস করা যাবে বলেও জানান তিনি।
সচিবালয় স্থানান্তরের বিষয়ে নাসিমুল গণি বলেন, এটি সরকারেরই পরিকল্পনা। প্রধানমন্ত্রী এক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। সরকারের পক্ষ থেকেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী চাচ্ছেন, যাতে একটি সমন্বিত পদ্ধতিতে পুরো সরকার আরও দ্রুত কাজ করতে পারে। এ জন্য ২৯ সালের মধ্যে এটি করার একটি লক্ষ্য রয়েছে। এটি বাস্তবায়নের চেষ্টা করছেদ বাংলাদেশ সরকার।
সচিবালয় স্থানান্তরের ব্যয়ের বিষয়ে তিনি বলেন, এখনো ব্যয় নির্ধারণ করা হয়নি। এটির হিসাব-নিকাশ চলছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সচিবালয় স্থানান্তরের পরিকল্পনায় আছে বেজমেন্টসহ ৩ হাজার ৮০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, ১৪টি ১২ তলা ভবন, দুটি মসজিদ, মাল্টিপারপাস হল, ক্যাফেটেরিয়া ও ডাকঘর। পাশাপাশি যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বেশ কিছু আন্ডারগ্রাউন্ড রাস্তা ও আন্ডারপাস নির্মাণ করা হবে।
এমএসি/আরএইচ