ভারতে সমুদ্রে গোসল করতে নেমে ৮ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, দুপুর ০২:২৩
ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার সমুদ্রে গোসল করতে নেমে আট শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিভেগার সৈকতে পুনে থেকে ঘুরতে যাওয়া এই আট শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছেন। পানির গভীরতা ও স্রোত ভুল বুঝে সমুদ্রের গভীরে নেমে যাওয়ার পর প্রবল স্রোতের টানে তারা ভেসে যান।
শুক্রবার (২ অক্টোবর) পুলিশ জানিয়েছে, নিহত আট শিক্ষার্থীর প্রত্যেকেরই বয়স ১৬ বছর। তারা সবাই পুনের আলান্দির ‘উইনার্স একাডেমি’ নামের একটি বেসরকারি কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিলেন। এই শিক্ষা সফর বা পিকনিকে অংশ নিতে তারা প্রায় ১৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেখানে গিয়েছিলেন।
একজন পুলিশ কর্মকর্তা জানান, ওই দলে ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ৬ জন শিক্ষকসহ মোট ৪৮ জনের একটি দল গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সমুদ্র সৈকতে পিকনিকে গিয়েছিল। তাদের মধ্যে আট শিক্ষার্থী সমুদ্রের পানিতে নেমে পড়েন এবং গভীরতা ও স্রোত বুঝতে না পেরে স্রোতের টানে তলিয়ে যান।
তক্ষণাৎ প্রতিক্রিয়া জানিয়ে দিভেগারের ‘ভাউ মারুতি সালুংখে মহাকালী ওয়াটার স্পোর্টস’-এর মালিক ভাউ সালুংখে ও তার দল তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ওয়াটার স্পোর্টস টিমটি সমুদ্র থেকে আট শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।
এই ট্র্যাজেডির খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চাতন পুলিশ স্টেশনের সহকারী পুলিশ পরিদর্শক সন্তোষ আওয়াতি একটি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় গ্রামবাসীর সহায়তায় পুলিশ লাশগুলো নিজেদের হেফাজতে নেয় এবং আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য সেগুলোকে বোরলি পঞ্চাতনের প্রাইমারি হেলথ সেন্টারে পাঠায়।
এনডিটিভির তথ্যমতে, নিহত শিক্ষার্থীরা হলেন— তন্ময় দত্তত্রয় ভাহিলে, সুমিত ভারত অহিরে, প্রণব রামদাস বানসোদে, কৈবল্য সতীশ ওয়াসঙ্কর, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভাণ্ডওয়ালকর এবং কৌশস্তভ সন্দীপ ডাউণ্ড।
এদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ এক্সে দেওয়া এক পোস্টে এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন। তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন তাদের লাশ আলান্দিতে ফিরিয়ে আনার জন্য সমন্বয় সাধন করছে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী গিরীশ মহাজন এই মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে একাডেমিকে এর জন্য জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি জানান, রাজ্য সরকার খুব শীঘ্রই স্কুল ট্রিপ বা শিক্ষা সফরের জন্য নতুন নিরাপত্তা নির্দেশিকা জারি করবে।
এমএসি/আরএইচ