আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ যোদ্ধা নিহত
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, দুপুর ০২:০৮
পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তান বলেছে, তারা দুটি স্থানে সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত ‘শিবির ও গোপন আস্তানা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং আনুমানিক ২২ জন যোদ্ধাকে হত্যা করেছে।
বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের এই ঘোষণা দিয়েছে। এর আগে কাবুল অভিযোগ করেছে যে পাকিস্তানের হামলায় তাদের কুনার ও হেলমান্দ প্রদেশে অন্তত ৯ জন নারী ও শিশু নিহত হয়েছে।
আল জাজিরা হতাহতের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
আফগানিস্তান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, বুধবার গভীর রাতে এসব হামলা চালানো হয় এবং এতে অন্তত ৯ জন নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন।
এক্সে এক পোস্টে তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার এবং দক্ষিণাঞ্চলীয় হেলমান্দে চালানো হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়েছে।
তিনি লেখেন, আমরা এই কর্মকাণ্ডের নিন্দা জানাই এবং এটিকে সব স্বীকৃত নীতির বিরুদ্ধে আগ্রাসন ও অপরাধ হিসেবে বিবেচনা করি।
তিন মাসের তুলনামূলক শান্তির পর প্রতিবেশী দুই দেশের মধ্যে লড়াই বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কথিত এসব হামলা চালানো হলো। ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে কাবুল তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে হামলা চালায়।
আফগান সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের হামলাগুলো বেসামরিক মানুষের বাড়িঘরকে লক্ষ্যবস্তু করেছে এবং এতে নারী ও শিশু নিহত ও আহত হয়েছে।
এমএসি/আরএইচ