ইরানকে ‘উড়িয়ে দেয়ার’ হুমকি ট্রাম্পের
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, দুপুর ০২:০২
ইরানের সঙ্গে চুক্তি না হলে দেশটিকে ‘উড়িয়ে দিতে’ হতে পারে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে ধ্বংস বা চুক্তি করা—দুই পথের একটিতে শিগগিরই যেতে হবে। একই সময়ে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৩০ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে ইরানকে ‘উড়িয়ে দিতে’ হতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় ঘনিয়ে আসছে।
ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘হয়তো তাদের উড়িয়ে দিতে হবে। সেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা তাদের উড়িয়ে দিই বা একটি চুক্তি করি, সেটার সময় কিন্তু এসে যাচ্ছে।
এদিকে একটি পৃথক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। পাশাপাশি তার দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে গত কয়েক দিনে তেল পরিবহন ঐতিহাসিক পর্যায়ে পৌঁছেছে।
হিস্পানিক হেরিটেজ মাস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে মার্কিন বলেন, ‘হরমুজ প্রণালির ওপর আমাদের প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আসলে গত তিন দিনে হরমুজ প্রণালি দিয়ে ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বেশি তেল বের হয়েছে।’
এমএসি/আরএইচ