মিরাজের গোল্ডেন ডাক, হার গায়ানার
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৩:৫৫
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে মেহেদী হাসান মিরাজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিপক্ষে মাত্র ৭৬ রানে গুটিয়ে গিয়ে ৯ উইকেটে হেরেছে তারা। তবে গ্রুপ পর্বে শীর্ষে থাকায় এখনও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ থাকছে গায়ানার।
বার্বাডোজের কেনসিংটন ওভালে আগে ব্যাট করতে নেমে ১৫ ওভারের বেশি টিকতে পারেনি গায়ানা। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করে করেন গ্লেন ফিলিপস ও শাই হোপ। রোমারিও শেফার্ড অপরাজিত ছিলেন ১৪ রানে।
ব্যাট হাতে হতাশ করেছেন মিরাজও। ছয় নম্বরে নেমে প্রথম বলেই শাদাব খানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন বাংলাদেশের অলরাউন্ডার। ৪৫ রানে পঞ্চম উইকেট হিসেবে তার বিদায়ের পরের বলেই আউট হন কুয়েন্টিন স্যাম্পসন।
গায়ানার ব্যাটিং ধসের মূল কারিগর ছিলেন পাকিস্তানের দুই স্পিনার শাদাব খান ও সুফিয়ান মুকিম। শাদাব ৪ ওভারে ১৬ রান দিয়ে হ্যাটট্রিক সহ নেন ৪ উইকেট। মুকিমও ৪ উইকেট নিয়েছেন, তার ৪ ওভারে খরচ মাত্র ১৩ রান। ৪০ রানে দ্বিতীয় উইকেট হারানো গায়ানা দ্রুতই নেমে যায় ৪৯ রানে ৯ উইকেটে।
মাত্র ৭৭ রানের লক্ষ্য অ্যান্টিগা পেরিয়ে যায় ৫.২ ওভারেই। শুরুতেই ঝড় তোলেন রাখিম কর্নওয়াল। ১৬ বলে ৩ চার ও ৬ ছক্কায় করেন ৪৯ রান। এভিন লুইস অপরাজিত থাকেন ১৩ বলে ২৩ রানে।
বল হাতে ১.২ ওভারে ১০ রান দিয়েছেন মিরাজ, উইকেট পাননি। তার বলেই দুই রান নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন লুইস। গায়ানার একমাত্র উইকেটটি নেন অধিনায়ক ইমরান তাহির।
হারে সরাসরি ফাইনালে ওঠা হলো না গায়ানার। তবে লিগ পর্বের শীর্ষ দল হওয়ায় দ্বিতীয় কোয়ালিফায়ারে আরেকটি সুযোগ পাচ্ছে তারা। ফাইনালে জায়গা পেতে এখন জামাইকা কিংসমেনের বিপক্ষে খেলবে মিরাজদের দল।
এমএসি/আরএইচ