ব্যাংকের পরিচালক হতে কঠিন শর্ত
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৯:০০
ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির প্রতিনিধি পরিচালক হওয়ার শর্ত কঠিন করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রতিনিধি পরিচালক হতে হলে সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা পরিচালক হওয়ার পাশাপাশি ওই কোম্পানির নির্দিষ্ট পরিমাণ শেয়ারের মালিক হতে হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২।
নতুন নির্দেশনা অনুযায়ী, পাবলিক লিমিটেড কোম্পানির প্রতিনিধি পরিচালক হতে মনোনীত ব্যক্তির নিজের নামে সংশ্লিষ্ট কোম্পানির পরিশোধিত মূলধনের কমপক্ষে ২ শতাংশ দায়মুক্ত শেয়ার থাকতে হবে। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে এ হার ২০ শতাংশ।
দায়িত্ব পালনকালে পুরো সময় নির্ধারিত শেয়ার মালিকানা বজায় রাখতে হবে। প্রতিনিধি পরিচালক নিয়োগ, পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।
এ ছাড়া কোনো কোম্পানি তার নিট সম্পদের চেয়ে বেশি মূল্যের শেয়ার কোনো ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না। অতিরিক্ত শেয়ার থাকলে সার্কুলার জারির ছয় মাসের মধ্যে তা নির্ধারিত সীমায় নামিয়ে আনতে হবে। নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
এমএসি/আরএইচ