১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা: আলোচনায় হাসিনার মুখপাত্র মোজাম্মেল আলী, প্রশ্নের মুখে তার পরিচয়
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:৪০
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখপাত্র হিসেবে নাম আসার পর থেকেই আলোচনার কেন্দ্রে সৈয়দ মোজাম্মেল আলী। ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার খবর তিনিই সামনে এনেছেন বলে প্রচার হচ্ছে।
এই ঘোষণাকে ঘিরে আওয়ামী লীগের ভেতরে-বাইরে নানা প্রশ্ন উঠেছে। সমালোচকদের দাবি, ফেরার বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট প্রস্তুতি বা আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। তাদের অভিযোগ, এটি একটি রাজনৈতিক নাটক হতে পারে, যার মাধ্যমে তৃণমূল কর্মীরা ঝুঁকিতে পড়তে পারেন।
কে এই মোজাম্মেল আলী?
দৈনিক যুগান্তরে ২৪ নভেম্বর ২০২৬ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের কোম্পানি নিবন্ধন সংক্রান্ত নথিতে মোজাম্মেল আলীর জন্ম ১৯৪৯ সালের জানুয়ারিতে বলে উল্লেখ আছে। তিনি ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাজ্যের সারে অঞ্চলে বসবাস করেন। ব্যবসার পাশাপাশি বাংলাদেশের রাজনীতি নিয়ে আন্তর্জাতিক পরিসরে তিনি সক্রিয় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
অন্যদিকে, স্থানীয় আওয়ামী লীগ সূত্রের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, তার দেশের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। পেশায় তিনি একজন অ্যাকাউন্ট্যান্ট এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত।
সমালোচকদের আরও দাবি, হলমার্ক ঋণ কেলেঙ্কারিতে অভিযুক্ত সৈয়দ মোদাসসের আলীর আপন ছোট ভাই তিনি। তবে এই পারিবারিক সম্পর্কের বিষয়ে স্বতন্ত্রভাবে যাচাই করা কোনো আনুষ্ঠানিক নথি এই প্রতিবেদনে উপস্থাপন করা হয়নি।
যুক্তরাজ্য আওয়ামী লীগের স্থানীয় কর্মীদের একাংশের অভিযোগ, সৈয়দ মোজাম্মেল আলী দলের নিয়মিত কর্মসূচি বা অনুষ্ঠানে আসতেন না।
তাদের ভাষ্য অনুযায়ী, সুখে-দুঃখে কর্মীদের পাশে তাকে পাওয়া যেত না। এমনকি দেশে কিংবা বিদেশে দলের সাধারণ কর্মীদের অনেকেই তাকে চেনেন না বলেও দাবি করছেন তারা।
তাদের প্রশ্ন, যিনি দলের মাঠের কর্মসূচিতে ছিলেন না, কর্মীদের বিপদে-আপদে পাশে ছিলেন না, তাকে হঠাৎ করে শেখ হাসিনার মুখপাত্র হিসেবে সামনে আনা হলো কেন?
আওয়ামী লীগের একাংশের অভিযোগ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় মোজাম্মেল আলী নিজেকে লন্ডনে হাইকমিশনের ওপর প্রভাবশালী ব্যক্তি হিসেবে উপস্থাপন করতেন।
তাদের ভাষ্য অনুযায়ী, গোপালগঞ্জ ও শেখ পরিবারের পরিচয়ের দোহাই দিয়ে তিনি হাইকমিশনের কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করতেন এবং নিজেকে অপরিহার্য ব্যক্তি হিসেবে তুলে ধরতেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের মধ্যে ভয় দেখিয়ে নিজের গুরুত্ব বাড়ানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
স্থানীয় নেতাকর্মীদের একাংশের অভিযোগ, “আমি গোপালগঞ্জের, আমার কথা সবাইকে শুনতে হবে” — এই মনোভাবের কারণে দলের ভেতরে তার গ্রহণযোগ্যতা কম ছিল।
সমালোচকদের প্রশ্ন, কেন গোপালগঞ্জের লোককেই বেছে নেওয়া হলো? দলের ভেতরে বহু সিনিয়র ও অভিজ্ঞ নেতা থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে কেন ৭১ এর যার কোন অবদান নাই তাকে ২০২১ এসে মুক্তিযুদ্ধা হিসাবে পরিচয় দেয়া সেই মোজাম্মেল আলীকে মুখপাত্র হিসেবে সামনে আনা হলো?
তাদের ব্যাখ্যা, শেখ হাসিনা শেখ পরিবার ও গোপালগঞ্জের বাইরের কাউকে দায়িত্ব দিতে আস্থা পান না। আর সেই কারণেই শেষ দৃশ্যেও তিনি নিজ জেলার পরিচিত মুখকেই বেছে নিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে।
সমালোচকদের আরও অভিযোগ, শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়েছেন, আর এখন সাধারণ কর্মীদের বিপদে ফেলে দল ও দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছেন।
এমএসি/আরএইচ