এমপি নুসরাতের বাড়িতে যেভাবে আগুন দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, দুপুর ০২:১১


কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় টিনশেড বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। আগুনে দু’টি ছাগলও পুড়ে মারা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে টিনশেডের একটি ঘর রয়েছে। এর পাশেই রয়েছে তিনতলা একটি ভবন। ওই ভবনের তৃতীয় তলায় তার পরিবারের সদস্যরা বসবাস করেন। গভীর রাতে দুর্বৃত্তরা টিনশেড ঘর লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরটির পাঁচটি কক্ষ পুড়ে যায়। তবে পাশের তিনতলা ভবনে আগুন ছড়ায়নি।

এদিকে, ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত বাড়ির টিনশেড ঘর লক্ষ্য করে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করছে। এরপরই ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে।

নুসরাত তাবাসসুমের ছোট ভাই ইসতিয়াক জানান, তাদের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার প্রমাণ রয়েছে। তবে ফুটেজ দেখে এখনো জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, আগুন লাগার পর চিৎকার শুনে ঘুম থেকে উঠে তারা বাড়িতে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয় লোকজন একত্রিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত ১২টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ঘরটি মূলত গরু রাখার স্টোরজাতীয় একটি ঘর। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘরে থাকা গরুগুলো নিরাপদে বের করে নেওয়া হয়েছে। প্রতিবেশীরাই প্রথমে আগুন নেভান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

এমএসি/আরএইচ

Link copied