নেতার ছেলের পাসের খবরে বিলুপ্ত ছাত্রদলের কমিটি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

রবিবার, ১ নভেম্বর ২০২৬, রাত ১০:৩১


বাবা শাহাজান খাঁন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি। ছেলে জোনায়েব ইসলাম মাহী চলতি বছর অংশ নিয়েছেন এইচএসসি পরীক্ষায়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে ৪.৮৫ পেয়েছেন তিনি। ফল প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেন বাবা। এরপরই শুরু হয় তর্ক-বির্তক। এ ঘটনায় শেষ পর্যন্ত বিলুপ্ত হলো ছাত্রদলের জেলা কমিটি। একই সঙ্গে মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগির এই দুটি ইউনিটে ঘোষণা করা হবে নতুন কমিটি। এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তবে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে নেই ছাত্রদল নেতার ছেলের এইচএসসি পাসের খবর নিয়ে তৈরি হওয়া বিতর্কের রেশ।

গতকাল শনিবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ওইদিন রাতেই জেলা ছাত্রদল সভাপতি শাজাহান খান এইচএসসি পাস করায় তার ছেলের ছবিসহ একটি পোস্ট দেন। এরপর ছাত্রদল নেতার বয়স নিয়ে শুরু হয় নানা রকম আলোচনা।

কমিটি বিলুপ্তির বিষয়ে জানতে চাইলে শাহাজান খাঁন আগামীর সময়কে বললেন, ‘২০১৮ সালে দলের দুঃসময়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দল এতদিন দায়িত্ব দিয়ে রেখেছিল বলেই কমিটি এভাবে চলছিল।’

ছেলে মাহীর এইচএসসি পাস করা নিয়ে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রল করছে বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, ‘যারা ট্রল করছে তারা বেশিরভাগই ফ্যাসিবাদের দোসর যুবলীগ ও ছাত্রলীগের লোকজন। তারা ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। তারা ভাবছে— আমাদের মতো ত্যাগী নেতারা রাজপথে না থাকলে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল হবে। তবে দলের যেকোনো সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব।’

এমএসি/আরএইচ

Link copied