চীন-মৈত্রী সিগন্যাল অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:৪৫


রাজধানীর আগারগাঁওয়ে আবারও চীন-মৈত্রী সিগন্যাল অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। রোববার (১ নভেম্বর) দুপুরে পুরোনো গবেষণা মাঠ (সাবেক বাণিজ্য মেলার মাঠ) বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।

এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হয়ে চীন-মৈত্রী সিগন্যাল এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। একই সাথে দুপুর সোয়া ১২টার দিকে তারা সিগন্যাল অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পুরোনো বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন শেকৃবি শিক্ষার্থীরা। মাঠটি পুনরুদ্ধারের দাবিতে এর আগেও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তারা।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) একই সিগন্যাল অবরোধ করেন শিক্ষার্থীরা। সেদিন প্রায় ২০ মিনিটের অবরোধে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা দাবি করে বলেন, পুরোনো গবেষণা মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। কৃষি শিক্ষা ও গবেষণার স্বার্থে মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে। মাঠ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এমএসি/আরএইচ

Link copied