পোশাক কারখানার মালিকদের সঙ্গে বিজিএমইএ’র জরুরি বৈঠক বিকেলে

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:২৭


বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে জরুরি বৈঠক করবে কারখানার মালিকরা। রোববার (১ নভেম্বর) বিকাল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
 
এদিকে পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
 
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এই ঘোষণা দেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
 
মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তের বিষয়ে শ্রমমন্ত্রী বলেন, ‘আমরা শ্রমিক সংগঠনগুলোর, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা আলোচনা করেছি। আলোচনার পরিপ্রেক্ষিতে ঘোষণা দিয়েছি, রোববার আমরা মজুরি বোর্ড গঠন করবো।’
 
এর আগে, শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী।
 
এদিকে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার রাজধানীর মিরপুর ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

এমএসি/আরএইচ

Link copied