সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, রাত ০৮:০২
সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে চারটি হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি করেন হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে।
বিবৃতিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চারটি হামলা চালিয়েছেন আনসারুল্লাহর যোদ্ধারা। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দর।
হুতিদের দাবি, দাম্মাম বিমানবন্দরে হামলার ফলে বিমান চলাচল ব্যাহত হয়েছে। আরামকোর স্থাপনায় হামলার কারণে সেখানে আগুন ধরে যায়। এ ছাড়া সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আভা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি আঘাত হানারও দাবি করেছে গোষ্ঠীটি।
তিনি আরও বলেন, ইয়েমেনে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরবের ভেতরে হুতিদের অভিযান অব্যাহত থাকবে। সৌদি আরব সংঘাত বাড়ালে পাল্টা পদক্ষেপের মাধ্যমে তার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এমএসি/আরএইচ