ডিভি লটারি ফিরছে, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা?
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, রাত ০৯:২৯
যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির নিবন্ধন চালুর নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আগামী ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সূচি ঘোষণা এবং ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে। তবে বাংলাদেশিরা এবার আবেদন করতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
গত ১৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহতা এ আদেশ দেন। নির্ধারিত সময়ে নিবন্ধন শুরু না হওয়ায় করা এক মামলার পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।
রেড ঈগল ল নামের একটি আইন প্রতিষ্ঠান মামলাটি করে। প্রতিষ্ঠানটির অভিযোগ, নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ শুরু না করে মার্কিন পররাষ্ট্র দপ্তর কার্যত কর্মসূচিটি আটকে রেখেছে। সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর আবেদন গ্রহণ শুরু করলে কর্মসূচির নিয়মের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে।
আদালতের নির্দেশ অনুযায়ী, নিবন্ধন কার্যক্রম ৩০ দিন চালু থাকতে পারে। তবে আবেদন শুরুর চূড়ান্ত তারিখ, যোগ্যতার শর্ত ও আবেদনপদ্ধতি সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা এখনো গুরুত্বপূর্ণ।
আবেদনের জন্য সাধারণত উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়। বিকল্প হিসেবে নির্ধারিত শর্ত পূরণকারী পেশায় কাজের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হতে পারে। এ লটারিতে অংশ নিতে সাধারণত যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার চাকরির প্রস্তাব প্রয়োজন হয় না।
তবে লটারিতে নির্বাচিত হলেই গ্রিন কার্ড নিশ্চিত হয় না। নির্বাচিত আবেদনকারীদের শিক্ষাগত বা পেশাগত যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং অভিবাসন ও নিরাপত্তা যাচাইয়ের শর্ত পূরণ করতে হয়।
ডিভি লটারিতে আবেদন করতে আগ্রহীদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা ও নির্দেশনা অনুসরণ করতে হবে। নিবন্ধনের সময়সূচি এবং কোন কোন দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন, তা নিশ্চিত হওয়ার আগে আবেদনসংক্রান্ত কোনো তথ্যের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এমএসি/আরএইচ