পূজার সাজে মন্দিরা, শুভেচ্ছায় সম্প্রীতির বার্তা

বিনোদন প্রতিবেদক

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, রাত ১০:১০


শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতেছেন ঢালিউডের চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। পূজার সাজে নিজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির বার্তাও দিয়েছেন এই অভিনেত্রী।

১৯ অক্টোবর অষ্টমীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পূজার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মন্দিরা। ছবিগুলোতে তাঁকে বিভিন্ন সাজে দেখা গেছে। কখনো সোনালি পাড়ের গোলাপি কাতান শাড়ি ও ভারী সোনার গয়নায় ঐতিহ্যবাহী সাজে ধরা দিয়েছেন তিনি। আবার কখনো লাল-কালো পোশাকে দেখা গেছে তাঁকে। প্রতিটি ছবিতেই দেবী দুর্গার প্রতিমার সামনে হাস্যোজ্জ্বল ও ভক্তিময় ভঙ্গিতে পোজ দিয়েছেন এই অভিনেত্রী।

ছবির সঙ্গে শারদীয় শুভেচ্ছা জানিয়ে মন্দিরা লিখেছেন, ‘শুভ্র আলো, শঙ্খধ্বনি আর ঢাকের তালে আবারও ধরায় আগমন মা দুর্গার। মায়ের চরণে জানাই শতকোটি প্রণাম। তাঁর আশীর্বাদে পৃথিবী থেকে মুছে যাক সব অশুভ শক্তি, দূর হোক দুঃখ-কষ্ট, ঘুচে যাক সব অন্ধকার। প্রতিটি হৃদয় ভরে উঠুক ভালোবাসা, শান্তি, সম্প্রীতি আর আনন্দে। মা দুর্গা সবার জীবনে বয়ে আনুন সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও অফুরন্ত মঙ্গল। জয় মা দুর্গা! শুভ শারদীয়া।’

অন্য একটি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল থেকেও পূজা উদ্‌যাপনের মুহূর্ত ভাগ করে নিয়েছেন মন্দিরা। সেখানে লাল শাড়িতে নজরকাড়া সাজে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোর মধ্যে পূজা উদ্‌যাপনের পারিবারিক মুহূর্তও রয়েছে। সেখান থেকেও ভক্তদের অষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন এই চিত্রনায়িকা।

মন্দিরার পূজার সাজের ছবিগুলো ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে দেখা গেছে আগ্রহ। তাঁর শুভেচ্ছাবার্তায় উঠে এসেছে অশুভ শক্তির বিনাশ, মানুষের কল্যাণ এবং ধর্ম-বর্ণনির্বিশেষে ভালোবাসা ও সম্প্রীতির প্রত্যাশা।

এমএসি/আরএইচ

Link copied