আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, রাত ০৯:২৪
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চিফ হুইপ বলেন, ‘আমরা সবাই মিলে সৌরবিদ্যুৎ ব্যবহার করব। সৌরবিদ্যুৎ স্থাপন করলে ৩ বছরের খাজনা দিতে হবে না। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আমদানি করলে ট্যাক্স দিতে হবে না। সৌরবিদ্যুৎ ব্যবহারের পর বাড়তি বিদ্যুৎ থাকলে সরকার কিনে নিবে।’
তিনি আরও বলেন, ‘আজকে ২৬ সালের ১৮ অক্টোবর। আমি আপনাদের কাছে বলে গেলাম, ২৭ সালের অক্টোবর পর্যন্ত আল্লাহ যদি বাঁচাইয়া রাখে, আমি এখানে যদি আসি, বাংলাদেশের বিদ্যুৎ বেচার জায়গা খুঁজে পাওয়া যাবে না।’
এসময় বিগত সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে চিফ হুইপ বলেন, ‘তারা চুরি করছে, আমরা চুরি করি না, চুরি করব না। এই টাকা দিয়ে আমরা বিদ্যুৎ বানাবো।’
তিনি বলেন, ‘হাসিনার বিদ্যুৎ প্লান্ট আছে, কিন্তু ভিতরে মেশিন নাই। হাসিনা টাকা খাওয়ার জন্য এসব বিদ্যুৎ প্লান্ট করেছে। তাই এখন বিল কমানোর কোনো রাস্তা সরকারের কাছে নাই।’
দেশে গত দুই বছরে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, ‘বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক, সবার অধিকার সমান।’
চিফ হুইপ বলেন, ‘দুর্গাপূজার দিকে কেউ বাঁকা চোখে তাকালে, সেই চোখ আর সোজা করা যাবে না, সেটা বাকাই থাকবে।’
অভিভাবকদের সতর্ক করে তিনি আরও বলেন, ‘ফেসবুকের খারাপ কন্টেন্ট দিয়ে শিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
এরপর তিনি বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার সব পূজা মন্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ করেন।
এমএসি/আরএইচ