ল্যান্ডফোনে ফিরছে রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, রাত ১১:২৮
রাশিয়ায় মোবাইল ইন্টারনেট বন্ধের ঘটনা বাড়তে থাকায় ল্যান্ডফোনের ব্যবহার বাড়াচ্ছে সরকারি প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান। ২০২৬ সালের প্রথম আট মাসে দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলো ল্যান্ডফোন কিনতে আগের বছরের একই সময়ের তুলনায় তিন গুণের বেশি অর্থ ব্যয় করেছে।
রুশ সংবাদমাধ্যম ভেদোমস্তির তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ল্যান্ডফোন কেনায় ব্যয় হয়েছে ১১ কোটি ৮০ লাখ রুবল, যা প্রায় ১২ লাখ ৬০ হাজার ইউরোর সমান। এ সময়ে ল্যান্ডফোন কেনার দরপত্রের সংখ্যাও বেড়েছে ১২ দশমিক ৫ শতাংশ।
২০২৫ সালের মে মাস থেকে রাশিয়ায় নিয়মিতভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাতে এসব বিধিনিষেধ প্রয়োজন। তবে বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেট সংযোগ ছাড়াও ড্রোন পূর্বনির্ধারিত পথে উড়তে পারে। এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় ব্যাংকিং, ট্যাক্সি, খাবার সরবরাহ ও পথনির্দেশনার মতো সেবা ব্যাহত হচ্ছে।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রোস্তেলেকমের প্রধান মিখাইল ওসেয়েভস্কি প্রতিটি বাড়িতে অগ্নিনির্বাপক যন্ত্রের মতো একটি ল্যান্ডফোন রাখার পরামর্শ দিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও জানিয়েছেন, প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগের জন্য ল্যান্ডফোন ব্যবহার করা হয়।
রাশিয়ায় প্রতি ১০০ জনের বিপরীতে বর্তমানে প্রায় ১২ দশমিক ২টি ল্যান্ডফোন রয়েছে। তবে দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে এই সংখ্যা কমে ৮ দশমিক ২ থেকে ৮ দশমিক ৫-এ নেমে আসতে পারে।
সূত্র: ইউরোনিউজ
এমএসি/আরএইচ