বিশ্ববাজারে অস্থির জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১১:২৫


মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও বিশ্ব বাজারের সরবরাহ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে অস্থির তেলের দাম।
 
বুধবার (১৪ অক্টোবর) অপরিশোধিত তেল প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ১০৬ ডলার। অন্যদিকে মার্কিন অপরিশোধিত তেলের দাম ৯৪ ডলার।
 
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৫৮ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৯৪ সেন্টে পৌঁছায়।
 
এর আগে মঙ্গলবার লেনদেন শেষে ব্রেন্টের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ৬৯ সেন্টে দাঁড়ায়। তবে ডব্লিউটিআইয়ের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৪ ডলার ১৪ সেন্টে স্থির হয়।
 
এদিকে, রয়টার্স প্রতিবেদন বলছে, বিশ্বজুড়ে তেলের দাম বাড়াতে ও হরমুজ প্রণালী ঘিরে মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে ইরান নতুন কৌশল নিচ্ছে। তবে এই সরবরাহ সংকটের মধ্যেও আন্তর্জাতিক বাজারে স্বস্তি ফেরাতে ভূমিকা রাখছে রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা।
 
বাজার বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার ডিজেল আন্তর্জাতিক বাজারে আসলে তেলের দামের বড় উত্থান কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। আর বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলোর ধারণা, চলতি সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৯০ থেকে ১০০ ডলারের মধ্যেই ওঠানামা করবে।

এমএসি/আরএইচ

Link copied