কঙ্গোয় ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৪:১১


মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা করা নৌকাটি মাপেরা গ্রামের কাছে ডুবে যায়। ডিআর কঙ্গোর টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোয়ি এ তথ্য জানিয়েছেন।
 
উদ্ধার হওয়া যাত্রীদের একজন অ্যানি মোয়োনি জাতিসংঘ-সমর্থিত রেডিও ওকাপিকে বলেন, রাত প্রায় ১টার দিকে যাত্রীদের ঘুম ভেঙে যায়। তখন তারা দেখতে পান, নৌকাটি একদিকে কাত হয়ে গেছে। এর কিছুক্ষণ পরই নৌকাটি ডুবে যায়।
 
 
নৌকাটি কী কারণে ডুবেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এপি জানিয়েছে, ডিআর কঙ্গোতে অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন করা নৌযান এবং পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামের অভাব প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে নৌকাডুবিতে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন।

এমএসি/আরএইচ

Link copied