আসিফ আকবরের ‘সঞ্চিতা ফিরে এসো'

বিনোদন প্রতিবেদক

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২৬


বাঙালি শ্রোতার হৃদয়ে বিরহ ও অনুরাগের অনুভূতির চিরন্তন রূপকার কণ্ঠশিল্পী আসিফ আকবর। সেই আবেগের ধারায় এবার যুক্ত হয়েছে তার নতুন গান ‘সঞ্চিতা ফিরে এসো’। সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত গানটি ইতোমধ্যে শ্রোতা-দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

প্রেমের বিচ্ছেদ, পুরোনো স্মৃতির আকুলতা আর হারিয়ে যাওয়া ভালোবাসাকে ফিরে পাওয়ার ব্যাকুলতাই গানটির মূল বিষয়। গীতিকবি নীলকণ্ঠের লেখা কথায় ফুটে উঠেছে প্রিয় মানুষকে ফিরে পাওয়ার গভীর আকুতি।

গানটির সুর করেছেন রাজেশ ঘোষ। মেলোডিনির্ভর সেই সুর আসিফ আকবরের কণ্ঠে পেয়েছে বিষাদময় ও হৃদয়ছোঁয়া আবহ। তার কণ্ঠের আবেগ গানটির কথাগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

শুধু গান নয়, এর সংগীতচিত্রেও রয়েছে নান্দনিকতার ছোঁয়া। এতে অভিনয়ের মাধ্যমে প্রেমের অনুভূতিকে দৃশ্যকাব্যে তুলে ধরেছেন খালিদ রিয়াজ ও ওয়ারিশা গুনগুন।

চিত্রগ্রাহক এম কে মোশাররফের ক্যামেরার কাজ এবং এস কে জয়ের সম্পাদনা ও রঙের বিন্যাস সংগীতচিত্রটির আবেগকে আরও জীবন্ত করে তুলেছে।

পুরো সংগীতচিত্রটির পরিচালনা ও নান্দনিক দিকনির্দেশনায় রয়েছেন নির্মাতা সেলিম রেজা।

গীতিকথা, সুর, আসিফ আকবরের আবেগঘন কণ্ঠ এবং মনোমুগ্ধকর দৃশ্যায়নের সমন্বয়ে ‘সঞ্চিতা ফিরে এসো’ গানটি শ্রোতা-দর্শকদের জন্য হয়ে উঠেছে ভালোবাসা ও বিরহের অনুভূতির এক নতুন আয়োজন।

এমএসি/আরএইচ

Link copied