এইচএসসিতে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:৫৬


এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সূচি জানানো হয়।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের সাপ্লিমেন্টারি পরীক্ষা। পরদিন ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা।

এ ছাড়া ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। অন্যান্য বিষয়ের পরীক্ষাও ঘোষিত সূচি অনুসারে অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।

প্রতিদিন দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নেওয়া যাবে না। তবে অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

এমএসি/আরএইচ

Link copied