নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান বিচারক আজাদ সুবহানী

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ৪ নভেম্বর ২০২৬, দুপুর ০২:৫৭


বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের দুই কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

বুধবার (৪ নভেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্ব পালনরত সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে এ বদলির আদেশ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।

এমএসি/আরএইচ

Link copied