সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:৫৪
হুথি বিদ্রোহীদের হামলার শঙ্কায় আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের কারণে আগামী বছরে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপ স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
এএফসি জানিয়েছে, আগামী বছরের ৭ জানুরারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও তা আগামী বছরের ২৩ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে এই নতুন সূচি চুড়ান্ত হতে বিশ্ব ফুটবল সংস্থা ফিফার অনুমোদন লাগবে।
প্রথমবারের মতো এশিয়ান কাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। ২০৩৪ সালের বিশ্বকাপেরও আয়োজকও তারা। এশিয়ান কাপের জন্য নির্ধারিত আটটি স্টেডিয়ামের মধ্যে পাঁচটিই অবস্থিত রিয়াদে। কিং ফাহদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ফাইনালসহ টুর্নামেন্টের ৫১ ম্যাচের মধ্যে ৩০টি হওয়ার কথা এই শহরে।
এই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে হুথিরা মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে বিমানবন্দরে ১১ দিনে অন্তত ২০ হামলায় ১৭ জন নিহত ও তিনশর বেশি মানুষ আহত হয়েছে বলে খবর এসেছে।
মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এশিয়ার ফুটবল সংস্থা জানায়, ‘এএফসি এশিয়ান কাপের আয়োজক কমিটি এই অঞ্চলে উদ্ভূত বর্তমান ব্যতিক্রমধর্মী পরিস্থিতির কারণে লজিস্টিক জটিলতা ও ভ্রমণ বিঘ্নতার আশঙ্কা মাথায় রেখে জাতীয় দলের এই প্রধান টুর্নামেন্টটির সময়সূচি পুনর্নির্ধারণ করার অনুমোদন দিয়েছে। টুর্নামেন্টের নতুন তারিখগুলো অনুমোদনের জন্য ফিফার কাছে উপস্থাপন করা হবে।’
তারা আরও যোগ করেছে, ‘আমাদের সংস্থার জন্য ও পূর্বনির্ধারিত সূচিতে প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী এক পরিস্থিতি তৈরি হয়েছে। সব অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক ও অন্য স্টেকহোল্ডারদের স্বার্থে টুর্নামেন্ট স্থগিত করা জরুরি হয়ে পড়েছিল।’
সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনি ভিত্তিক হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত বৃদ্ধি পেলেও গত মাসে এএফসি প্রেসিডেন্ট শেখ সালমান আশাবাদী কণ্ঠে জানান, মহাদেশের শীর্ষ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি পরিকল্পনা মতোই নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়েই হবে এশিয়ান কাপ।
এমএসি/আরএইচ