এপিএলের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, রাত ১২:১৩
দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে ফিরছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)। টুর্নামেন্টটির চূড়ান্ত ড্রাফট তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। মঙ্গলবার (৩ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হবে খেলোয়াড় ড্রাফট।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, দেশি-বিদেশী প্রায় দেড় হাজার ক্রিকেটারের নিবন্ধন থেকে চূড়ান্ত ড্রাফটের জন্য ৪৬২ জনকে বাছাই করা হয়েছে। পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ২৭ ডিসেম্বর। আয়োজক হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম জানানো হলেও ফাইনালের ভেন্যু এখনো নির্ধারণ করা হয়নি।
বাংলাদেশের পাঁচ ক্রিকেটারকে রাখা হয়েছে প্লাটিনাম ক্যাটাগরিতে। তারা হলেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। তালিকায় আছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম ও নাহিদ রানাও। এছাড়া বাংলাদেশের আরেক ক্রিকেটারসহ মোট ১০ জনের নাম রয়েছে চূড়ান্ত তালিকায়।
ড্রাফটে বিদেশী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব পাকিস্তানের। দেশটির ২৯ ক্রিকেটার নিবন্ধন করেছেন। ভারতের বিজয় শঙ্করও রয়েছেন তালিকায়। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেয়া এই ক্রিকেটারের পাশাপাশি ভারতের আয়ান খান ও মুরুগান অশ্বিনও ড্রাফটে নাম লিখিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে ওয়ানিন্দু হাসারাঙ্গা, রিজা হেনড্রিকস, রোমারিও শেফার্ড, রভম্যান পাওয়েল, ইমরান তাহির ও আকিল হোসেনও রয়েছেন ড্রাফট তালিকায়।
দল গঠনের নিয়ম
প্রতিটি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় কেনার সর্বোচ্চ বাজেট ৭ লাখ ২৫ হাজার মার্কিন ডলার। একেকটি দলে থাকবেন সর্বোচ্চ ১৯ জন সক্রিয় ক্রিকেটার–মূল ড্রাফট থেকে ১৭ জন এবং সম্পূরক রাউন্ড থেকে দুজন।
প্রতিটি দলের একাদশে অন্তত সাতজন আফগান ক্রিকেটার থাকতে হবে, যার মধ্যে একজন উদীয়মান ক্রিকেটার। একাদশে বিদেশি ক্রিকেটারের সংখ্যা সর্বোচ্চ চারজন। ড্রাফটের প্রথম ৯টি নির্বাচনের মধ্যে অন্তত তিনজন বিদেশি ক্রিকেটার নিতে হবে দলগুলোকে।
২০১৮ সালে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল আফগানিস্তান প্রিমিয়ার লিগ। আর্থিক অনিয়ম ও শৃঙ্খলাজনিত উদ্বেগের কারণে পরে টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর এবার নতুন কাঠামোতে প্রতিযোগিতাটি ফেরানোর উদ্যোগ নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
এমএসি/আরএইচ