পোশাকশিল্পে অস্থিরতা, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২ নভেম্বর ২০২৬, দুপুর ০১:৫৭


 

দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিক শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। শ্রমিকদেরও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াত আমির আরও বলেন, ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

তিনি জানান, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম সামনে রেখে পোশাকশিল্পে নতুন সম্ভাবনা তৈরি হওয়ার কথা থাকলেও সেই সম্ভাবনা নষ্ট করার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় দেশের পোশাকশিল্পের স্বার্থ রক্ষায় মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানান শফিকুর রহমান।

এমএসি/আরএইচ

Link copied