জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১ নভেম্বর ২০২৬, দুপুর ০২:১৫


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

আদালতে আখতারুজ্জামানের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে একই মামলায় ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ তাঁর জামিন আবেদন খারিজ করেছিলেন। গত ২৬ অক্টোবর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী ওই আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৪ অক্টোবর তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এর মধ্যে ছিল লাগেজ ট্রলির সংকট, যাত্রীদের লাগেজ পেতে দেরি এবং জমজমের পানি না পাওয়ার বিষয়। এসব ঘটনাকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মামলা করা হয়।

এমএসি/আরএইচ

Link copied